চাহিদা অনুযায়ী দেশে এপ্রিল মাসের পর্যন্ত জ্বালানি তেলের মজুত আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে তিনি তেলের দাম আপাতত না বাড়ানোরও আশ্বাস দিয়েছেন।
আজ শুক্রবার দুপুরে যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ে অসহায় ও দুস্থদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এপ্রিল মাসে দেশের চাহিদানুযায়ী জ্বালানি তেলের মজুত নিশ্চিত করা হয়েছে। সরকার ৩ মাসের মজুত নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ইরানসহ সংশ্লিষ্ট দেশগুলোর সাথে সরকার যোগাযোগ রেখেছে এবং তারাও বিষয়টি নিশ্চিত করেছেন। সুতরাং আপাতত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হচ্ছে না।
অনিন্দ্য ইসলাম বলেন, হঠাৎ করেই দেশে দ্বিগুণ জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। আমাদের কাছে সুস্পষ্ট নথি আছে। আমরা যদি নিজের প্রয়োজনের বেশি ব্যায় করি তাহলে সকলেই ক্ষতিগ্রস্ত হবে।
বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এমন মানসিকতা থেকে বেরিয়ে আসার আহবানও জানান তিনি।






