মশিউর রহমান সোহেল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হাছানের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ ও উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার দেওয়া হয়। এতে উপজেলার মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। এ সময় উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ছাত্র ছাত্রী ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।