স্বপ্ন প্রতিদিন রিপোর্ট
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধ কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হয়নি। বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে মানুষের অধিকার আদায় এবং একটি প্রগতিশীল রাষ্ট্র গঠনের লক্ষ্যে। তিনি আরও বলেন, বাংলাদেশের জন্ম কোনো বিদেশি ষযন্ত্রের ফল নয়; এটি ছিল সাধারণ মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা এক গণযুদ্ধ।
২৬শে মার্চ, বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে বলেন, মুক্তিযোদ্ধারা মা-মাটি ও দেশের মানচিত্র রক্ষার জন্য যুদ্ধ করেছিলেন, কোনো ব্যক্তিগত লাভের আশায় নয়। মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল-বদর ও আল-শামসের ভূমিকা ভুলে যাওয়া উচিত নয়। এই অন্ধকার শক্তি এখন ধর্মের নামে সক্রিয়, এবং তাদের বিরুদ্ধে সতর্ক না থাকলে ভবিষ্যতে তারা রাষ্ট্র পরিচালনায় প্রভাব বিস্তার করতে পারে।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু (বিপিএম-বার) এবং জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।
এছাড়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হোসেন, জেলা সিভিল সার্জন নুরুল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চুসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন সেক্টরের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।






