গতকাল মহানগর আদালতে আটক একজন সাবেক সাংসদের বিরুদ্ধে সৃষ্ট মব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মব সম্পর্কে আমাদের সরকার বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য খুবই আলোচিত। সবাই আপনারা জানেন আমাদের পজিশনটা কি? তবে আমাদের সকলের মাথায় রাখতে হবে, আমরা যখন একটা আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছি, তখন দীর্ঘদিনের একটা বেআইনি প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে আমাদেরকে দায়িত্বটা পালন করতে হচ্ছে।’
এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আশা করি, দীর্ঘদিনের যে জঞ্জাল, দীর্ঘদিনের যে অপস্মৃতি আমাদের অনেকের মাথার মধ্যে কাজ করছে, সেখান থেকে আমরা খুব দ্রুতই আইনের জায়গাটিতে ফিরে আসতে পারব। আমাদের সরকার মব সংস্কৃতিকে দমন করে আইনের শাসন প্রতিষ্ঠা করার (করতে) দৃঢ় প্রতিজ্ঞ।’
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এক মাসের কর্মকান্ড সম্পর্কে গণমাধ্যমকে জানাতেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। উল্লেখ্য, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর জহির উদ্দিন স্বপনের এটিই প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। বিফ্রিংয়ে সরকারের বিভিন্ন কর্মসূচির অগ্রগতির পরিসংখ্যান তুলে ধরেন তথ্যমন্ত্রী। বিশেষ করে সরকারের বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি যেমন ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন-বিভিন্ন ধর্মগুরুদের জন্য মাসিক ভাতা চালু করা, খাল খনন কর্মসূচি, ফার্মার্স কার্ড চালু করার মতো উদ্যোগের সর্বশেষ অবস্থা সম্পর্কে সাংবাদিকদের জানান তিনি।







