দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধ ভাবে জ্বালানি তেল পাচার রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে বিজিবি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রচারের পর জ্বালানি তেল পাচারকারীরা সক্রিয় হয়েছে। তাই সীমান্ত দিয়ে ভারতে তেল পাচার ঠেকাতে টহল জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। সেক্টর কমান্ডার জানান, বিজিবি সদর দপ্তর থেকে জ্বালানি তেল পাচার প্রতিরোধের বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী হিলিসহ দিনাজপুর সেক্টরের আওতাধীন সব সীমান্তে বিজিবি সদস্যদের তৎপরতা বাড়ানো হয়েছে। তিনি বলেন, দেশের জ্বালানি সম্পদ যেন কোনোভাবেই সীমান্ত দিয়ে পাচার হতে না পারে, সে জন্য নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের ওপর কঠোর নজর রাখা হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ব্যাপক ওঠানামা চলছে। এই সুযোগে এক শ্রেণির অসাধু পাচারকারী অধিক মুনাফার আশায় গোপনে তেল পাচারের চেষ্টা করতে পারে-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। বিজিবি আরও জানিয়েছে, অতীতেও বিভিন্ন সময় অসাধু চক্র সীমান্ত দিয়ে তেল পাচারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। দেশের সম্পদ রক্ষায় সীমান্তে এই কঠোর অবস্থান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।