২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি স্পষ্ট করেছে। এই সিদ্ধান্তের ফলে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট বর্জন করায় বাংলাদেশকে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে আইসিসি আয়োজিত বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণে টুর্নামেন্টের অংশগ্রহণ ফি থেকে বঞ্চিত হচ্ছে বিসিবি। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে শুধু অংশগ্রহণ ফি হিসেবেই বাংলাদেশের পাওয়ার কথা ছিল ৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকা।
অংশগ্রহণ ফি ছাড়াও বিসিবির আর্থিক ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ফলে বিসিবির বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশ হারানোর ঝুঁকি তৈরি হয়েছে।
পিটিআইয়ের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশের মোট সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০ কোটি টাকার সমান।
এর পাশাপাশি সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ এবং চলতি অর্থবছরের সম্ভাব্য আয়ের বড় একটি অংশও হারাতে পারে বিসিবি।
বিশ্বকাপে অংশগ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য আইসিসি বাংলাদেশকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না পাওয়ায় র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এর আগে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর নিজের অবস্থান পরিষ্কার করেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, নিরাপত্তা ইস্যুতে আইসিসির দেওয়া মূল্যায়ন বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয়।