স্বপ্ন প্রতিদিন রিপোর্ট
অন্তর্বর্তীকালীন সরকারের সময় ব্যর্থতা কিংবা অন্যান্য কারণে হাম-রুবেলা প্রতিরোধে প্রচারণা ও নিয়ন্ত্রণে যথাযথ মনোযোগ দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৫ এপ্রিল) বেলা ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৬ সালের মধ্যে হামের প্রাদুর্ভাব সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এবং হামজনিত শিশুমৃত্যু শূন্যে নামিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন করতে হবে, যাতে এ রোগ ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে। প্রাথমিকভাবে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় এ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সব জেলায় সম্প্রসারণ করা হবে। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কক্সবাজারের দুটি উপজেলায় প্রায় ১ লাখ ২০ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। শনিবার একদিনেই কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে নতুন করে ২৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৪২ শিশু। গত ২৪ ঘণ্টায় রামু উপজেলার রাজিয়া নামের এক শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মারা গেছে। জেলায় এখন পর্যন্ত ৫ শিশুর মৃত্যু হয়েছে।