দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে এক অনন্য মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এক সাধারণ ভ্যান চালক মোঃ সাইফ হাসান। নিজের সামান্য উপার্জিত টাকা দিয়ে ব্যস্ততম সড়কের ভাঙাচোরা রেল ক্রসিং মেরামত করেছেন তিনি। ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) তিনি পার্বতীপুর নতুন বাজারের রেলক্রসিংয়ের ভাঙ্গাচড়া অংশ যখন ঠিক করছিলেন তখন আশেপাশের মানুষ অভিভূত হয়ে তা দেখতে থাকে। উল্লেখ্য পার্বতীপুর থেকে রংপুরগামী রেললাইনের মাঝখানে এবং দুই পাশে বড় বড় গর্ত ও জরাজীর্ণ অবস্থার সৃষ্টি হয়। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত শত শত যানবাহন ও মানুষ চলাচল করার সময় রেল ক্রসিংয়ের ওই অংশে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হয় এবং দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় থাকায় এখানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটাসহ যানজটের সৃষ্টি হতো।
ভ্যান চালক সাইফ হাসান পার্বতীপুরের ইসলামপুর কালিবাড়ি এলাকার বাসিন্দা। সে এই পথ দিয়ে ভ্যান চালানোর সময় যানবাহন ও মানুষের ভোগান্তি বা ঝুঁকির বিষয়টি তার নজরে আসে। অবশেষে শুক্রবার নিজের জমানো টাকায় ইট ও প্রয়োজনীয় সামগ্রী কিনে নিজেই মেরামতের কাজ শুরু করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মধ্যে অনেকেই জানান একজন গরিব ভ্যান চালক নিজের টাকায় রাস্তা মেরামত করায় এটি তার জন্য গর্বের এবং আমাদের জন্য লজ্জার। এ প্রসঙ্গে সাইফ হাসান বলেন, রাস্তার এই খারাপ অবস্থার কারণে মানুষের খুব কষ্ট হচ্ছিল। ভ্যান নিয়ে চলতে গিয়ে অনেক সময় মানুষ এখানে হোঁচট খায়। তাই নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব মেরামত করে দিতে চাই।
একজন সাধারণ ভ্যান চালকের এমন নিঃস্বার্থ সেবামূলক কাজ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।