স্বপ্ন প্রতিদিন ডেস্ক »
দুই প্রতিদ্বন্দ্বী দেশ উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় সংলাপ শুরুর সম্ভাবনা জেগেছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার এক সংসদ সদস্য। দেশটির গোয়েন্দা সংস্থার কাছ থেকে ব্রিফিং পাওয়ার পর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনি এ কথা জানান। খবর আল আরাবিয়ার।
সাংবাদিকদের উদ্দেশে আইনপ্রণেতা ইউন কুন-ইয়ং বলেন, ‘উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনের বিষয়ে মূল্যায়ন করা হয়েছে যে, যে কোনো সময় আলোচনা সম্ভব।’
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ সামরিক মহড়া বড় পরিসরে কমিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে জানিয়েছিলেন যে চলতি বছরের শেষের দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তার। এর আগে ২০১৮ ও ২০১৯ সালে এই দুই নেতা তিনবার সাক্ষাৎ করেছিলেন।
ইউন আরও জানান, দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) মনে করে যে কিম জং উনের কন্যা জু আয়েকে তার উত্তরসূরি হিসেবে প্রস্তুত করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।
ওই আইনপ্রণেতা বলেন, ‘রাষ্ট্রীয় গণমাধ্যমে তাকে বারবার সামনে নিয়ে আসার কারণ হলো—তাকে উত্তরসূরি হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে বিবেচনা করা হচ্ছে।’
তিনি জানান, ইউক্রেনে পিয়ংইয়ং অতিরিক্ত সেনা মোতায়েন করতে পারে—এমন সম্ভাবনার কথা এনআইএস বর্তমানে ‘খুবই কম’ বলে মনে করেছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং নিজেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সেই দাবি অস্বীকার করেছেন, যেখানে বলা হয়েছিল পিয়ংইয়ং তাদের মিত্র রাশিয়ার পক্ষে লড়াই করার জন্য আরও ৫০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছে।
এনআইএস থেকে ব্রিফিং পাওয়া অন্য এক আইনপ্রণেতা ইউ ইয়ং-হা বিস্তারিত কিছু না জানিয়ে সাংবাদিকদের বলেন, গোয়েন্দা সংস্থাগুলো উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্রের ব্লুপ্রিন্ট বা নকশা এবং পিয়ংইয়ংয়ের ক্ষমতাসীন দলের একটি অভ্যন্তরীণ নথিপত্রও সংগ্রহ করেছে।