স্বপ্ন প্রতিদিন ডেস্ক »
নেপালের ত্রিশূলী নদীর তীরে একটি জলবিদ্যুৎ প্রকল্পের কাদায় চাপা পড়া টানেলে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে জরুরি অভিযান চলছে। টানেলের ভেতরে এখনও জীবিত কেউ থাকলে তাদের সন্ধানে সেখানে বাতাস ঢোকানো হচ্ছে। একই সঙ্গে টানেলের ভেতরে প্রবেশের জন্য একটি ম্যানহোল তৈরির পরিকল্পনা করেছে উদ্ধারকারী দল।
নেপালের ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশটির বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত আনুমানিক ৮৯৮ জন শ্রমিকের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। এ পর্যন্ত প্রায় ৩৬১ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। মার্কিন বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
নেপালের জ্বালানি, পানি সম্পদ ও সেচমন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠা শনিবার রাতে এক আপডেটে জানান, বন্যার পর কাদা ও পলিতে চাপা পড়ে যাওয়া ত্রিশূলী-৩ ‘এ’ জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে উদ্ধার অভিযানে কিছুটা অগ্রগতি হয়েছে।
তিনি জানান, ভারী যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধারকারীরা টানেলের ভেতরের কাদা ও পলি সরানোর কাজ করছেন। এরই মধ্যে টানেলের ওপরের অংশ দিয়ে প্রায় ৬ ইঞ্চি ব্যাসের একটি ছিদ্র করা হয়েছে।
প্রাথমিকভাবে ওই ছিদ্র দিয়ে টানেলের ভেতরে কোনো বড় ধরনের ধ্বংসাবশেষ দেখা যায়নি। এরপর উদ্ধারকারীরা টানেলের ভেতরে বাতাস ঢোকান। একই সঙ্গে আলো ও শব্দ পাঠানো হলেও ভেতরে থাকা কারও সঙ্গে এখনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
উদ্ধার অভিযানের পরবর্তী ধাপে বিদ্যমান ছিদ্রটি আরও বড় করে একটি ম্যানহোল তৈরি করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে উদ্ধারকারী দল টানেলের ভেতরে প্রবেশ করে আটকে পড়া শ্রমিকদের সন্ধান চালাতে পারবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী শ্রেষ্ঠা জানান, বিদ্যমান টানেলপথ ব্যবহার করে মূল টানেলে পৌঁছানোই এখন উদ্ধারকারী দলের লক্ষ্য। আগামীকালের মধ্যেই সেখানে পৌঁছানোর চেষ্টা চলছে।
এর আগে শুক্রবার নেপাল সেনাবাহিনী একটি ভিডিও প্রকাশ করে, যেখানে রাসুয়া জেলার একটি জলবিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে কয়েকজনকে নাটকীয়ভাবে উদ্ধার করতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, বেঁচে যাওয়া কয়েকজন শ্রমিক ঘন কাদা পেরিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছেন এবং জরুরি উদ্ধারকর্মীরা তাদের টেনে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন।
এদিকে টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সহায়তার জন্য ভারত ও চীনের কাছে বিশেষজ্ঞ পাঠানোর অনুরোধ জানিয়েছে নেপাল সরকার। শনিবার দুই দেশ থেকেই টানেল উদ্ধার অভিযানে অভিজ্ঞ বিশেষজ্ঞদের দল নেপালে পৌঁছেছে।
নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। ধস ও কাদার স্রোতে টানেল, সড়ক ও অন্যান্য অবকাঠামো চাপা পড়ায় বহু শ্রমিক নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা এখন ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।