কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা ৩টি বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। প্রথমে ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কুমিল্লা নগরী থেকে আরও একটি ইউনিট যোগ দিলে সম্মিলিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা, চালক ও চালকের সহকারীরা জানান, ‘রয়েল সার্ভিস’ পরিবহনের ৩টি এসি বাস দীর্ঘদিন ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল। রোববার দুপুরে হঠাৎ করেই বাসগুলোতে আগুনের সূত্রপাত হয়। তাদের অভিযোগ, এই বাসগুলোর ভেতরে যাতায়াত রয়েছে। এসব পরিত্যক্ত বাসের ভেতরেই মাদকাসক্তরা মাদক সেবন করে।
কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, এগুলো রয়েল পরিবহন নামের একটি পরিবহন সংস্থার বাস। তবে আগুন লাগার ঘটনার পর তথ্য সংগ্রহের জন্য রয়েল কাউন্টারে গিয়ে তালাবদ্ধ পাওয়া যায়। তদন্তে উঠে আসবে বাসে আগুন লাগার প্রকৃত কারণ।
মো. ইদ্রিস আরও জানান, বাস টার্মিনালের শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে এই বাসগুলো প্রায় দুই বছর যাবৎ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। একটি বাসের গায়ে রয়েল পরিবহনের স্টিকার লাগানো থাকলেও বাকি দুটোতে নেই, কিন্তু জানা গেছে এই তিনটি বাসই রয়েল পরিবহনের। যেহেতু এসব বাসে কোনো মেরামত কাজ চলছিল না সুতরাং এখানে কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হবে।
অগ্নিকাণ্ডের পর স্থানীয় পুলিশ স্টেশনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে রয়েল পরিবহনের কাউন্টারটি তালাবদ্ধ থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।






