পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন সামাজিক মঞ্চ ফাউন্ডেশন (Social Platform Foundation)। প্রতিষ্ঠানটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে উপকারভোগীদের মধ্যে উষ্ণতা ও মানবিক সহানুভূতির বার্তা পৌঁছে দেওয়া হয়।
মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নের লক্ষ্য নিয়ে গড়ে ওঠা এই সংগঠনটি সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শামীম রেজা বলেন,
“আমরা সদস্যদের মাসিক সঞ্চয়ের অর্থ থেকেই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের লক্ষ্য মানবিক সহায়তার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক সচেতনতার মাধ্যমে একটি স্বনির্ভর ও মানবিক সমাজ গড়ে তোলা।”
তিনি আরও জানান, সামাজিক মঞ্চ ফাউন্ডেশন নিয়মিতভাবে নিম্নোক্ত উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে—
বিনামূল্যে রক্তদান কর্মসূচি
শীতবস্ত্র বিতরণ
মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও বই বিতরণ
দুর্যোগকালীন জরুরি সহায়তা ও ত্রাণ কার্যক্রম
বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কর্মসূচি
ঈদ সামগ্রী বিতরণ
মাদকবিরোধী সামাজিক সচেতনতা
অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা
অন্যান্য সমাজকল্যাণমূলক উদ্যোগ
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সরকারি অনুদান, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) তহবিল এবং বেসরকারি উন্নয়ন সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটি তার কার্যক্রম আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হবে। এতে স্থানীয় পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতায় টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
সচেতন মহলের মতে, সামাজিক মঞ্চ ফাউন্ডেশনের মতো অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোই সমাজের প্রকৃত পরিবর্তনের চালিকাশক্তি। এ ধরনের উদ্যোগে সমাজের বিত্তবান ব্যক্তি, দাতা সংস্থা ও সরকারি-বেসরকারি উন্নয়ন অংশীদারদের এগিয়ে আসা সময়ের দাবি।