স্বপ্ন প্রতিদিন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফিফার তীব্র সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ান মিডফিল্ডার জ্যাকসন আরভাইন। তাঁর মতে, এর মাধ্যমে ফিফা নিজের তৈরি ‘মানবাধিকার নীতিমালা’ নিয়ে তামাশা করেছে এবং ফুটবলের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আরভাইন সরাসরি ফিফাকে লক্ষ্য করে কথা বলেন। গত ডিসেম্বরে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ‘বিশ্বজুড়ে শান্তি ও ঐক্য প্রচারের’ অবদানের জন্য ট্রাম্পকে প্রথমবারের মতো ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়া হয়।
কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে এবারের বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। ড্র অনুষ্ঠানের মাত্র এক মাস পরেই ভেনিজুয়েলায় সামরিক হামলা চালায় মার্কিন বাহিনী। এমনকি গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানেও বিমান হামলা শুরু করেছে তারা।
রয়টার্সকে আরভাইন বলেন, ‘একটি সংস্থা হিসেবে ফিফা যখন ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ার মতো সিদ্ধান্ত নেয়, তখন বলতেই হয় তারা নিজেদের মানবাধিকার সনদ নিয়ে তামাশা করছে। ফুটবলের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের যে লক্ষ্য, এটি তার পুরোপুরি বিরোধী।’
তিনি আরও যোগ করেন, ‘এ ধরনের সিদ্ধান্ত ফুটবলকে সমাজ ও সাধারণ মানুষের আবেগ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। বিশেষ করে শীর্ষ পর্যায়ের ফুটবল এখন তৃণমূলের বাস্তবতা থেকে অনেক দূরে সরে গেছে।’
এই বিষয়ে ফিফা বা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মানবাধিকার সংগঠনগুলো এই পুরস্কারের তীব্র নিন্দা জানিয়েছে। সোমবার নরওয়ের ফুটবল ফেডারেশনও ফিফাকে এই পুরস্কার বাতিলের অনুরোধ জানিয়ে বলেছে, ফুটবলের সঙ্গে রাজনীতিকে জড়ানো ঠিক হবে না।






