পাকিস্তান হারায় মন খারাপ হয়েছে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের। হওয়াই স্বাভাবিক, তিনি যে পাকিস্তানেরই সাবেক ক্রিকেটার। তবে পেশাদারিত্বের জায়গা থেকে তার শিষ্যরা সিরিজ জেতায় খুশি এই কিংবদন্তি। দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন মুশতাক। তার অভিজ্ঞতা ও দর্শন কাজে লাগিয়ে স্পিনে আরও শাণ দিচ্ছে বাংলাদেশ। সাথে পেস ইউনিটও হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। পাকিস্তানকে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তাতে পাকিস্তানের জন্য খারাপই লেগেছে মুশতাকের। এআরওয়াই নিউজকে তিনি বলেন, ‘অনুভূতি অবশ্যই মিশ্র। হারের পর অনেক খারাপ লাগছিল। বাংলাদেশ দুটো ম্যাচই জিতেছে, কোচ হিসেবে এটা তৃপ্তিদায়ক। আপনি আপনার কাজের রিওয়ার্ড পাচ্ছেন। তবে যে দলের বিপক্ষে লড়ে জিতেছি, সেই দল তো পাকিস্তান। একটু খারাপই লাগছিল। এটা স্বাভাবিক অনুভূতি। তাই সত্যি বলতে খারাপ লাগছিল। গ্রুপ ফটোতেও আমি ছিলাম না।’ বাংলাদেশ ভালো খেলেছে নাকি পাকিস্তান খারাপ খেলেছে, এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের প্রশংসা করেছেন স্পিন কোচ। ‘বাংলাদেশ অনেক ভালো খেলেছে, আমি এর কারণ জানাচ্ছি। আমরা ৫ বোলার নিয়ে একাদশ সাজিয়েছি। এটা সবচেয়ে বড় কারণ। টেস্টে আপনি ৬০০ রান করলেও প্রতিপক্ষের ২০ উইকেট তো নিতেই হবে।’ ‘প্রথম সাইন হলো বাংলাদেশ ৫ বোলার নিয়ে খেলেছে। ঘাসের উইকেটে ২ স্পিনার, পেসার ৩ জন। আমি রাওয়ালপিন্ডিতে প্রেস কনফারেন্সে বলেছিলাম, এশিয়ান কন্ডিশনে যদি গরম থাকে আর উইকেটে ঘাস থাকে, এটা আসলে ড্রাই উইকেট। প্রথম ২ দিন হয়ত একটু ময়েশ্চার থাকবে। বাংলাদেশ অনেক স্মার্ট ক্রিকেট খেলেছে।- বলেন তিনি।