স্বপ্ন প্রতিদিন রিপোর্ট
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিটও বিক্রিও শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ৩ মার্চ থেকে শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে। পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাবে। যাত্রীসাধারণ ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করতে পারবেন। এবার ৩ মার্চ মিলবে ১৩ মার্চের অগ্রিম টিকিট। এছাড়া ৪, ৫, ৬,৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট। আর ফিরতি ট্রেনের টিকিট বিক্রি করা হবে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত। ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে ৫ জোড়া বা ২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে। এ ছাড়া পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত এমজি কোচ সার্ভিসে যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদযাত্রা সফল করতে আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি (অফ-ডে) বাতিল করা হয়েছে। অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের বিশেষ অনুরোধে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট প্রদান করা হবে।
যেভাবে কিনবেন টিকিট
রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইটে ঢুকেই যাত্রীরা ঘরে বসে টিকিট কিনতে পারবেন। এ জন্য আগে একবার নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে হবে। আগে থেকে নিবন্ধন করা থাকলে সরাসরি লগইন করেই টিকিট কাটা যাবে। রেজিস্ট্রেশন করতে হলে https://eticket.railway.gov.bd/ ঠিকানায় প্রবেশ করে উপরের ডান পাশে থাকা ‘রেজিস্ট্রেশন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য পূরণ করে ‘ভেরিফাই’ বাটনে চাপ দিলে মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে নিবন্ধন সম্পন্ন করলে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে।
টিকিট কিনতে লগইন করার পর ভ্রমণের তারিখ, যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য ও শ্রেণি নির্বাচন করে ‘ফাইন্ড টিকিট’ অপশনে ক্লিক করতে হবে। তখন নির্ধারিত তারিখের ট্রেনের তালিকা, আসন খালি আছে কি না এবং ছাড়ার সময় দেখা যাবে। পছন্দের ট্রেন নির্বাচন করে ‘ভিউ সিটস’–এ ক্লিক করলে খালি আসন দেখাবে। সেখান থেকে আসন বেছে নিয়ে ‘কন্টিনিউ পারচেজ’ অপশনে যেতে হবে। এরপর আবার একটি ওটিপি মোবাইলে পাঠানো হবে, সেটি দিয়ে অগ্রসর হতে হবে। সবশেষে মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করলে ই-টিকিট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে। একই সঙ্গে নিবন্ধিত ই-মেইল ঠিকানায় টিকিটের কপি পাঠানো হবে। ডাউনলোড করা পিডিএফ টিকিট মোবাইলে দেখিয়েই ভ্রমণ করা যাবে। চাইলে ই-মেইল থেকে প্রিন্ট কপি নিয়ে ফটো আইডিসহ সংশ্লিষ্ট সোর্স স্টেশন থেকেও ছাপানো টিকিট সংগ্রহ করা যাবে।
কখন কোন টিকেট
রেলের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট আলাদা সময়সূচিতে ছাড়া হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট সকালে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুরে অনলাইনে পাওয়া যাবে।
এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে আজ ৩ মার্চ থেকে। ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা।
সকাল থেকে কাউন্টার ও অনলাইন-দুই মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রি হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন।






