সদ্য বিদায় নেওয়া স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অভিপ্রায়, নতুন সরকারের সময় তিনি দেশেই থাকবেন। তিনি জানালেন, কে কোথায় যাচ্ছেন, তা তিনি জানেন না। আপাতত বাইরে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই। একইসাথে জানালেন, তার গানম্যান এবং গাড়িচালক শেষ কর্মদিবসের আগেই তাকে ছেড়ে সটকে পড়েছেন। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এসব তথ্য বলেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, আমার গানম্যান সোমবার বলছিল– ‘স্যার, আপনি যদি আজ আমাকে ছেড়ে দেন, তাহলে আমি অন্য কোনো মন্ত্রীর গানম্যান হতে পারব।’ আমি বললাম, তুমি বিসমিল্লাহ বলে চলে যাও। আমার কোনো গানম্যান দরকার নেই। যে আমার গাড়ি চালাত, সে বলল, ‘স্যার, আমাকে যদি আজকে না ছাড়েন, তাহলে অন্য মন্ত্রীর গাড়ি আমি পাবো না।’ আমি বললাম, ঠিক আছে, তুমিও চলে যাও ৷ আমি একটা জিপ নিয়ে চলে যাবো।” ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন দাবি করেন তিনি। জাহাঙ্গীর আলম জানান, উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা তিনবার টেবিল চাপড়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। জাহাঙ্গীর আলমের দাবি, তিনি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরে তিনি আনন্দিত। জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে সবচেয়ে বেশি। তিনি এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, জীবনের চতুর্থ কোয়ার্টার অতিবাহিত করছেন। বাকি জীবন পরিবারের সদস্যদের সঙ্গে যাতে সুখে-শান্তিতে অতিবাহিত করতে পারেন, সেজন্য সবার কাছে দোয়া চান। পরে ব্রিফিংয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গণমাধ্যম যে কোনো রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। ভবিষ্যতেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।






