সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ভাষণ দেবেন তিনি। বিটিভি থেকে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে বিএনপি। মঙ্গলবার বিকেলে নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। এরপর রাতে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রায় দুই দশক পর চতুর্থবারের মতো সরকার গঠন করল বিএনপি। দলীয় চেয়ারম্যান হিসেবে এবারই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন তারেক রহমান। সচিবালয়ে তার প্রথম কর্মদিবস ঘিরে প্রশাসনে ছিল উৎসবমুখর ও সতর্ক—দুই ধরনেরই আবহ।






