দিনাজপুর ও পার্শ্ববর্তী ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড। এ উপলক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি (সোমবার) দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের আয়োজনে বিআরটিএ রংপুর বিভাগের আওতাধীন দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।
চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ- এর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই- আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার , দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা, নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক, নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা সভাপতি মোঃ এরশাদুজ্জামান মোল্লা, দিনাজপুর বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার শামসুল কবীর ও অন্যান্য কর্মকর্তাসহ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার পারকন চৌধুরী।
তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত মোট ৮০টি পরিবারের মাঝে ৩ কোটি ৩০ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে দিনাজপুর জেলার ৪১ জনের মাঝে ১ কোটি ১৫ লক্ষ, ঠাকুরগাঁও জেলার ২৬ জনের মাঝে ৯৮ লক্ষ এবং পঞ্চগড় জেলার ১৩ জলের মাঝে ৪৩ লক্ষ টাকা।
উল্লেখ, নিহত পরিবারের প্রত্যেককে ৫ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ১ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হয়।