ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:মোঃ মশিউর রহমান
দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ কোম্পানির কাভার্ডভ্যান খাদে পড়ে ঐ গাড়ির চালক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মখলেছুর রহমান (৩৬)। তিনি দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ঝানজিরা উত্তর হরিরামপুর গ্রামের শাহাজ উদ্দিনের ছেলে এবং প্রাণবঙ্গ মিলস লিমিটেডে কাভার্ডভ্যান চালক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, পণ্যবোঝাই কাভার্ডভ্যান নিয়ে ফুলবাড়ী শহরের দিকে যাওয়ার সময় অন্য একটি যানবাহনকে সাইড দিতে গিয়ে গাড়িটির নিয়ন্ত্রণ হারান তিনি। এতে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।