স্বপ্ন প্রতিদিন ডেস্ক
ফেনীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিছিল করায় ছাত্রলীগের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ফেনী পৌর শহরের পেট্রোবাংলা ও মাস্টারপাড়া এলাকা থেকে তাদের আটক করে ফেনী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ফেনী শহরের পেট্রোবাংলা ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপুলে শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফেনী জেলা ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার দুপুরে শহরের পেট্রোবাংলা ও মাষ্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করে মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন ফেনীর দাগনভুঞা উপজেলার মধ্যম কৌশল্লা গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল নোমান (১৮), আসিফ হাসান (১৮) ও আমজাদ হোসেন (১৯)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা নিজেদেরকে ছাত্রলীগকর্মী বলে স্বীকার করেছে।
জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু ফেসবুক পোস্টে লিখেছেন, ‘গণতান্ত্রিক অধিকার হরণ করে দেশের সবচেয়ে প্রাচীন দলটিকে নিষিদ্ধ করে রেখেছে সরকার। মিছিল করায় তিনজন ছাত্রলীগ কর্মীকে কোন মামলা ছাড়াই হয়রানির উদ্দেশ্যে আটক করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি গাজী ফৌজুল আজিম জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেছে খবর পেয়ে পুলিশ পেট্রোবাংলা ও মাস্টারপাড়া এলাকায় তল্লাশি করে তিনজনকে আটক করেছে। তারা ছাত্রলীগের কর্মী।






