ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক দুইটি মর্মান্তিক ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) সকালে লিচুর বিচি গলায় আটকে এক শিশুর এবং বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামের মাহমুদুলের আট মাস বয়সী ছেলে হোসেন লিচু খাওয়ার সময় বিচি গলায় আটকে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের খেটগাঁও সিন্দুল্লাহ গ্রামের সুরেন্দ্র রায়ের ছেলে কাঠমিস্ত্রি মিঠুন (৩৫) আনোয়ার মুহুরীর বাড়িতে ঘরের চালের টিনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি জানান, সকালে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। এছাড়া বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত অবস্থায় আনা ব্যক্তির ইসিজি পরীক্ষা শেষে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুইটি মৃত্যুর ঘটনায় পৃথক অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।