তেরখাদা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় টানা বৃষ্টি ও থেমে থেমে ভারী বর্ষণে মাঠজুড়ে পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কোথাও জমে আছে পানি, কোথাও আবার ধান কেটে ঘরে তোলার সময় পাচ্ছেন না কৃষকেরা। এর সঙ্গে শ্রমিক সংকট ও শ্রমিকের বাড়তি মজুরি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।
এই সংকটের মধ্যেই কৃষকের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। তার নির্দেশনায় মাঠে নেমে কৃষকের ধান কেটে দেওয়ার কার্যক্রম চালাচ্ছেন স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য ফেরদৌস মেম্বর।
৫ নং তেরখাদা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাচিকাটা বিলে কৃষক চান মিয়া শেখের দুই বিঘা জমির পাকা ধান শ্রমিক নিয়ে কেটে দেওয়া হয়।
স্থানীয় কৃষকেরা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠে পানি জমে ধান নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। একই সঙ্গে শ্রমিক সংকট ও বেশি মজুরির কারণে অনেকেই সময়মতো ধান কাটতে পারছেন না।
এমন অবস্থায় এমপি আজিজুল বারী হেলালের নির্দেশ বাস্তবায়ন করে ফেরদৌস মেম্বর নিজ উদ্যোগে শ্রমিক নিয়ে মাঠে নামেন এবং ধান কাটার কাজ সম্পন্ন করেন।
এমন অবস্থায় এমপি আজিজুল বারী হেলালের নির্দেশ বাস্তবায়ন করে ফেরদৌস মেম্বর নিজ উদ্যোগে শ্রমিক নিয়ে মাঠে নামেন এবং ধান কাটার কাজ সম্পন্ন করেন।
ফেরদৌস মেম্বর বলেন, “এমপি হেলাল সবসময় আমাদের নির্দেশ দেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। সেই নির্দেশনার অংশ হিসেবেই আমরা অসহায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। কৃষকের কষ্ট কমানোই আমাদের লক্ষ্য।”
তিনি আরও জানান, আগামী এক সপ্তাহ ৩ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকায় এ ধান কাটার সহায়তা কার্যক্রম চলবে।
ধান কাটা শেষে কৃষক চান মিয়া শেখ বলেন, বৃষ্টির কারণে তার ধান নষ্ট হওয়ার শঙ্কা ছিল। নিজের খরচে শ্রমিক দিয়ে ধান কাটা তার জন্য কঠিন হয়ে পড়েছিল। এমন সময় সহযোগিতা পাওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন।
এদিকে কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কাটার এই উদ্যোগ এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা বলছেন, দুর্যোগের সময় এমন মানবিক সহায়তা কৃষকের জীবনে বড় স্বস্তি এনে দিয়েছে।