রিপোর্টার: মাফিকুল ইসলাম
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড়মানিক মোড় থেকে শালপাড়া বাজার পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ—সরকারি প্রকল্পের নামে মানহীন ইট, বালু, খোয়া এবং ইটভাটার ডাস্ট ব্যবহার করে কাজ চালানো হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আরডিআরআইডব্লিউএসপি প্রকল্পের আওতায় ২০২৫ সালে ৪৩০০ মিটার দীর্ঘ এই সড়ক প্রশস্তকরণ কাজের কার্যাদেশ পায় নওগাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান ইথেন এন্টারপ্রাইজ। প্রকল্পটির চুক্তিমূল্য ধরা হয়েছে ৭ কোটি ৫৬ লাখ ৫৮ হাজার ৩০৮ টাকা।
কাজ শুরুর পর থেকেই সড়কের দুই পাশে বেড নির্মাণে মানসম্মত খোয়ার পরিবর্তে ইটভাটার ডাস্ট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলী কার্যালয় গত ৮ ও ১২ মার্চ পরপর দুই দফা চিঠি দিয়ে ৫৮০ মিটার এলাকায় নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ দেয়।
তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, অপসারণের নির্দেশনার পরও সড়কের বিভিন্ন অংশে আবারও বালুর সঙ্গে নিম্নমানের খোয়া ও কোথাও কোথাও জমির মাটি ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় পথচারী সাইদুল ইসলাম বলেন,
“জীবনে অনেক সরকারি কাজ দেখেছি, কিন্তু এত নিম্নমানের কাজ আগে দেখিনি। শুনেছিলাম খোয়া সরানো হবে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি।”
আরেক স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন,
“ইটভাটার ডাস্ট দিয়ে সড়ক নির্মাণ—এটা এই প্রথম দেখলাম।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় জনপ্রতিনিধি অভিযোগ করেন,
“কাজ চলাকালীন প্রকৌশল দপ্তরের লোকজন নিয়মিত থাকার কথা থাকলেও তাদের উপস্থিতি দেখা যায় না। এ সুযোগেই অনিয়ম হচ্ছে।”
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ইথেন এন্টারপ্রাইজের ম্যানেজার নুর আলম বলেন,
“কাজ আমাদের হলেও বাস্তবে অন্যরা কাজ করছে, তাদের সাথে কথা বলুন।”
উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বলেন,
“নিম্নমানের খোয়া অপসারণ করা হয়েছে। এর ছবি অফিসে সংরক্ষিত আছে।”
অন্যদিকে, জয়পুরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার বলেন,
“নিম্নমানের কাজের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”