চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে পদ্মা নদী সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি মাটিভর্তি ট্রাক্টর জব্দ করা হয়।
মঙ্গলবার পরিচালিত অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদের নেতৃত্বে সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর স্পার বাঁধ এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে শিবির হাট এলাকা থেকে মাটি পরিবহনরত অবস্থায় একটি ট্রাক্টরসহ মোঃ সুমন আলী (৪০) নামের একজনকে আটক করা হয়।
আটক সুমন আলী সদর উপজেলার রামকৃষ্ণপুর (জয়ন্দীপুর) গ্রামের মোঃ সোহবুল হকের ছেলে।
জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, পদ্মা নদীর তীরঘেঁষা জয়ন্দীপুর এলাকার কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করছিলেন।
এ ঘটনায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ জানান, নদী রক্ষা ও কৃষিজমির উর্বরতা সংরক্ষণে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।