মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
সভায় ভিজিএফ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন, প্রকৃত উপকারভোগী নির্বাচন এবং বিতরণে কোনো ধরনের অনিয়ম না করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম বলেন, ঈদের আনন্দ সমাজের সব স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতির সুযোগ নেই। প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষরাই যেন এই সহায়তা পায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।