মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়নকে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও সালিশি বাণিজ্যমুক্ত একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বর্তমান চেয়ারম্যান মোঃ মোজাহিদুল ইসলাম সোহাগ।
তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়েই ইউনিয়নকে একটি বৈষম্যহীন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা ব্যবস্থার আওতায় আনা হবে, যেখানে সকল নাগরিক সমান অধিকার ও মর্যাদায় সেবা পাবেন।
চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ আরও জানান, ইউনিয়নের প্রতিটি গ্রামের অবহেলিত জনগোষ্ঠীর সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বেকার নারী-পুরুষদের কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সামাজিক কার্যক্রম জোরদার করা হবে।
তিনি বলেন, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং এসব অপরাধ দমনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
স্থানীয় একাধিক ভোটার ও নাগরিকরা জানান, বর্তমান চেয়ারম্যান হিসেবে তিনি ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় সক্রিয় ভূমিকা রাখছেন এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন।
তিনি আরও বলেন, “জনগণের সেবা করাই আমার মূল দায়িত্ব। কেউ যেন হয়রানি ছাড়া এবং অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই ইউনিয়ন পরিষেবা পেতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই আমার লক্ষ্য।”