স্বপ্ন প্রতিদিন ডেস্ক
মাদক ও স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের তিন গুরুত্বপূর্ণ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সোমবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়।
শোকজ প্রাপ্ত নেতারা হলেন, মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা এবং যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ।
কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, বিগত কয়েকদিন ধরে একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে এই নেতাদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার সংবাদ প্রকাশিত হয়েছে। পত্রে উল্লেখ করা হয়েছে, সংগঠনের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের নেতিবাচক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া যুবদলের জন্য অত্যন্ত দুঃখজনক ও বিব্রতকর।
নোটিশে আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন এবং এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ নেই। কেন তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি-র সম্মুখে সশরীরে উপস্থিত হয়ে এই শোকজের জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং স্বচ্ছ রাজনীতি নিশ্চিত করতে অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।






