মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দক্ষিণ কোরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিবুর রহমান জয়পুরহাট জেলার কালাই উপজেলার মহেশপুর গ্রামের নিজাবুল ইসলাম হিরোর ছেলে। তিনি দক্ষিণ কোরিয়ার জেওনবুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, কাজ শেষে বাসায় ফেরার পথে ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হওয়ার সময় এক মদ্যপ চালকের গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে মস্তিষ্কে মারাত্মক আঘাতের কারণে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৮টায় তিনি মারা যান।
সহপাঠী মাহমুদুল হাসান জানান, হাসিব ২০২৩ সালের ডিসেম্বরে স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়ায় যান। কয়েক মাস আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
এই হৃদয়বিদারক ঘটনায় দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও পরিচিতজনরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।