স্বপ্ন প্রতিদিন ডেস্ক
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। শনিবার (২ মে) দুপুরে ঐক্যজোটের ব্যানারে শহরের বনরূপা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বনরূপায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায় উপেক্ষা করে সরকার ক্ষমতা পরিচালনা করছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তারা দাবি করেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের মতামত প্রতিফলিত হয়নি।
বক্তারা বলেন, নির্বাচনের আগে ঘোষিত “জুলাই সনদ” বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। এ সনদে মৌলিক অধিকার, সুশাসন ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তারা।
জ্বালানি খাতে অব্যবস্থাপনা ও বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে উল্লেখ করে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সংসদে দাবি উপেক্ষিত হলে রাজপথে আন্দোলন জোরদার করা হবে।
সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর রাঙামাটি জেলা আমির অধ্যাপক মো. আব্দুল আলীম, সেক্রেটারি জেনারেল মো. মানছুরুল হক, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য শহিদুল ইসলাম, এলডিপি জেলা কমিটির সহ-সভাপতি কমল বিকাশ দেওয়ান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল সালাম এবং ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি রবিউল ইসলামসহ অন্যান্য নেতারা।
মাবেশ শেষে নেতৃবৃন্দ অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।