অনলাইন ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পাওয়ায় রাস্তায় নেমেছেন চাকরিপ্রত্যাশীরা। রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। এর আগে গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন তারা। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ভাষ্য, গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ১৪ হাজার ৩৮৪ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ফল প্রকাশের পর নিয়ম অনুযায়ী তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বাস্থ্য পরীক্ষার সনদ ও ডোপ টেস্ট রিপোর্টসহ প্রয়োজনীয় সব নথিপত্র জমা দেন। কিন্তু আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো নিয়োগপত্র পাননি তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগের আশায় অনেক প্রার্থী তাদের আগের বেসরকারি চাকরি ছেড়ে দিয়েছেন। ফলে নিয়োগ ঝুলে থাকায় তারা পরিবারসহ চরম আর্থিক ও মানসিক অনিশ্চয়তায় ভুগছেন। প্রার্থীদের অভিযোগ, গত ২২ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে এক ধরনের দোদুল্যমান পরিস্থিতি তৈরি হয়েছে, যা তাদের উদ্বেগ আরও বাড়িয়েছে।
আন্দোলনকারীরা জানান, গত ১ মার্চের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সব মূল সনদ যাচাই ও পরিচিতি সম্পন্ন হয়েছে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পরও নিয়োগপত্র না দেওয়াকে তারা কর্তৃপক্ষের ‘প্রহসন’ হিসেবে দেখছেন। এ বিষয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।






