স্বপ্ন প্রতিদিন ডেস্ক
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আবারো হামলা করার চেষ্টা করলে শক্তভাবে শিবিরকে প্রতিহত করা হবে। শিবিরকে প্রতিটি ক্যাম্পাসে হাজার হাজার বার ‘গুপ্ত’ বলা হবে। গত ১৭ বছর ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে মিশে রাজনীতি করেছে শিবির, ছাত্রলীগের কিছুটা দায় শিবিরকে নিতে হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর টিএসসিতে বিক্ষোভ মিছিলের আগে একথা বলেন তিনি। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ক্যাম্পাসে গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের প্রতিবাদের এ বিক্ষোভ করা হয়।
এ সময় বক্তব্যের শুরুতে চট্রগ্রামে দেয়াল লিখনকে কেন্দ্র করে সন্ত্রাসী সংগঠন ছাত্র শিবির যেভাবে হামলা করেছে, তার নিন্দা জানান নাছির উদ্দীন নাছির।
তিনি বলেন, ছাত্রদল লিখে থাকলেও তারা পাল্টা দেয়াল লিখন লিখতে পারতো। তা না করে তারা হামলা করেছে। এতে বোঝা যায় যে সব ক্যাম্পাসে শিবির তুলনামূলক শক্তিশালী, সেখানে কতটা সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রম একটু বেশি চালাচ্ছে শিবির, বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তারা এমন কর্মকাণ্ড ঘটাচ্ছে।






