দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে নবনির্মিত ভবন উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ একে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনা শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ও উপসচিব সুব্রত পাল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর মো. আনিসুর রহমান, ইন্সট্রাক্টর (রসায়ন) মো. আক্রামুল হক এবং ইন্সট্রাক্টর (অটোমোবাইল) মো. রফিকুল ইসলাম।

এ সময় দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় এ ভবনটি নির্মিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং নির্মাণ কাজ সম্পন্ন করেছে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আধুনিক ও যুগোপযোগী কারিগরি শিক্ষা ছাড়া দক্ষ মানবসম্পদ গঠন সম্ভব নয়। নবনির্মিত একাডেমিক কাম–ওয়ার্কশপ ভবনটি শিক্ষার্থীদের হাতে–কলমে প্রশিক্ষণ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক ল্যাব ও ওয়ার্কশপ সুবিধা থাকায় শিক্ষার্থীরা বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবে, যা ভবিষ্যতে কর্মসংস্থান ও শিল্পখাতে দক্ষ জনবল তৈরিতে সহায়ক হবে। সরকারের কারিগরি শিক্ষা সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে এই ধরনের অবকাঠামো উন্নয়ন দেশের অর্থনৈতিক অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।