অনলাইন ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা দল হিসেবে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার উল্লেখ করে তিনি বলেন, যেহেতু দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশনও তাদের বাদ দিয়েছে, তাই তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। এছাড়া পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান যে, বিষয়টি তাঁর জানা নেই।
দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার বিষয়ে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে। প্রেস সচিব জানান, এ পর্যন্ত এই ঘটনায় জড়িত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিডিও ফুটেজ ও ছবি দেখে বাকি অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। আলামত সংগ্রহের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি প্রদান করেন।