অনলাইন ডেস্ক
ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট করেছেন যে, দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার উচ্চপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা দুই দেশের বর্তমান সম্পর্কের রসায়ন ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি ও বাণিজ্যিক সম্পর্ক অর্থাৎ অর্থনৈতিক লেনদেন স্বাভাবিক গতিতেই চলছে। এতে কোনো বড় ধরনের বিঘ্ন ঘটেনি। তবে, রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কিছু টানাপোড়েন থাকলেও তা ‘খুব খারাপ’ হয়ে গেছে—এমনটি মনে করেন না তিনি। সরকার চেষ্টা করছে পরিস্থিতি যাতে কোনোভাবেই অস্বাভাবিক না হয়।
ড. সালেহউদ্দিন আহমেদ জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ব্যক্তিগতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, “বাংলাদেশ কোনো প্রতিবেশীর সঙ্গেই তিক্ত সম্পর্ক চায় না। আমরা সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যেতে চাই।”
সম্প্রতি বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি এবং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টার ঘটনায় দুই দেশের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার মাঝেই অর্থ উপদেষ্টার এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকার ভারতের সঙ্গে বাণিজ্যিক স্বার্থ অটুট রেখে কূটনৈতিক আলোচনা বা ‘ডায়ালগ’-এর মাধ্যমে সমস্যা সমাধানের পথে হাঁটছে। কিন্তু বাস্তবিকভাবে কিছুটা টানাপোড়েন রয়েছে।