জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শুয়াকৈর উত্তরপাড়া গ্রামে সাংস্কৃতিক সংগঠন আহির বাংলা–এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দর্শকনন্দিত পালানাট্য ‘নোলকজানের পালা’। নাটকটি নির্দেশনা দেন সায়িক সিদ্দিকী।
গ্রামীণ ঐতিহ্য, লোকসংস্কৃতি ও বাংলার শেকড়কে ধারণ করে আয়োজিত এ পালানাট্যে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা এ সাংস্কৃতিক আয়োজনে দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য।
নাটকের কাহিনিতে গ্রামীণ জীবনের সুখ-দুঃখ, প্রেম-বিরহ এবং সমাজবাস্তবতার নানা দিক তুলে ধরা হয়। শিল্পীদের প্রাণবন্ত অভিনয় ও লোকজ সুরে পরিবেশিত গান দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, বাংলার হারিয়ে যেতে বসা পালানাট্য ও লোকনাট্যের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
স্থানীয় সংস্কৃতিপ্রেমীরা বলেন, এমন আয়োজন গ্রামীণ সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে এবং তরুণদের লোকজ সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াবে।