ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাব সদস্যদের ওপর হামলা ও অপদস্থ করার ঘটনায় এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। মঙ্গলবার সকালে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া বাইল্লা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় কয়েকটি দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— আব্দুল কাদির (৬২), রাহিম আহমেদ (২০), আব্দুর রহমান ওরফে অপু মিয়া (১৯), নুর আলম ওরফে নুরনবী (১৯) এবং ছানোয়ারা বেগম (৪৮)।
র্যাব সূত্র জানায়, সোমবার তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এলাকায় গেলে র্যাবের চার সদস্যকে ঘিরে ধরে হামলা চালায় একদল লোক। এ সময় এক সদস্য পালিয়ে যেতে পারলেও অপর তিনজনকে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৯ জানায়, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্যদের শনাক্তে অভিযান চলছে।