দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ অভিযান চালিয়ে ৬ দশমিক ৫ কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ১২ মে (মঙ্গলবার) এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ১১ মে (সোমবার) দুপুর ২টা ১০ মিনিটে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের নতুন বারো আওলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ আব্দুর রউফের সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে দোকানের ভেতরে টেবিলের নিচে প্লাস্টিকের ব্যাগে রাখা ৬.৫ কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোঃ আব্দুর রউফ (৬২) ও গণি মিয়া (৫৪) নামে দুইজনকে আটক করা হয়েছে। তারা বীরগঞ্জ উপজেলার গণগাঁও ও দগরাই খাটিয়াদীঘি এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, তারা পরস্পর যোগসাজশে মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিলেন। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও চোরাকারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।