রিপোর্টার: মাফিকুল ইসলাম
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬০ হাজার টাকার জাল নোটসহ সংঘবদ্ধ চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয়, ডিবি (উত্তর) ও ডিবি (দক্ষিণ) এর নির্দেশনায় পরিচালিত অভিযানে ০৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২টা ১৫ মিনিটে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার শম্ভুগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। পারুল বেগম (২৮), পিতা: মো. জাফর আলী (সিদ্দিক), মাতা: রুমেলা আক্তার, সাং- গলকুন্ডা (তেলুয়ারি) স্টেশনের পিছনে, আঠারবাড়ী, থানা- ঈশ্বরগঞ্জ, জেলা- ময়মনসিংহ (ভাসমান)।
২। রুবি আক্তার (২৫), পিতা: মৃত সিদ্দিক আলী, মাতা: নুরেছা খাতুন, স্থায়ী ঠিকানা- বলাইশিমুল দক্ষিণপাড়া, থানা- কেন্দুয়া, জেলা- নেত্রকোনা। বর্তমান ঠিকানা- গাঙ্গিনাপাড় বাইদ্যাপাড়া, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ (ভাসমান)।
পুলিশ জানায়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি অসাধু চক্র বিভিন্ন কৌশলে জাল নোট তৈরি ও বাজারে ছড়িয়ে দিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা জাল টাকা ক্রয়-বিক্রয়কারী সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজারে ছাড়ার উদ্দেশ্যে তারা দেশের বিভিন্ন স্থান থেকে এসব জাল নোট সংগ্রহ করেছিল।
ধৃত রুবি আক্তারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে পূর্বে আরও দুটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
উদ্ধারকৃত জাল নোটের ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এমন তৎপরতা সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে বলেও মত প্রকাশ করেছেন সচেতন মহল।