স্বপ্ন প্রতিদিন ডেস্ক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর এক বৃদ্ধকে বর্বরোচিত কায়দায় হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আজ ৩রা মে, রোববার ভোরে উপজেলার পশ্চিম লইয়ার কুল ফুরকানিয়া জামে মসজিদে ফজরের নামাজের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ (৮০) উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের কুমিল্লা পাড়ার বাসিন্দা। আটক জসিম গুপ্ত সংগঠন শিবিরের কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় ওই মসজিদে ফজরের নামাজ চলাকালে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ফজরের নামাজ চলাকালীন সময় হঠাৎ করে এক ব্যক্তি মসজিদের অভ্যন্তরে প্রবেশ করে ইবাদতরত হাফিজ মিয়ার উপর হামলা করে। আততায়ী একটি কলম দিয়ে হাফিজ উল্লাহর চোখে, মাথায় ও মুখের বিভিন্ন স্থানে খুঁচিয়ে জখম করেন।
এসময় হাফিজ মিয়া নামাজে সিজদারত ছিলেন। হামলায় গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালের নেয়ার সময় তার মৃত্যু হয়। ঘটনার পর শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জসিম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ও অভিযুক্ত উভয়েই একই এলাকার বাসিন্দা। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি।






