স্বপ্ন প্রতিদিন ডেস্ক
সততা, মেধা ও যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি যেকোনো সময় জনপ্রশাসনের যেকোনো পদে ডিসিদের দায়িত্ব পালনে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
রোববার (৩ মে) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, সবসময় পছন্দের পদে থাকার আকাঙ্ক্ষা জনপ্রশাসনের কর্মকর্তাদের দুর্নীতিগ্রস্ত করে তোলে। প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ ভাবা ও দেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দুর্নীতির সঙ্গে সরকার কোনো আপস করবে না। সততা, মেধা ও যোগ্যতাকেই জনপ্রশাসনে নিয়োগের মূল শর্ত হিসেবে গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, যারা জাতীয় নির্বাচনে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। জনপ্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করলে জনরায়ের প্রতিফলন ঘটে, যা এবারের নির্বাচনে প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া সরকার সারাবছর কৃষকদের জন্য সেচ সুবিধা নিশ্চিত করতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী।
জুলাই সনদের বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব।
খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম বিষয়ে তিনি বলেন, এগুলো শুধু শীতকাল বা নির্দিষ্ট দিবসকেন্দ্রিক না হয়ে সারাবছর চালু রাখা উচিত। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে না পারায় তারা অপ্রত্যাশিত পথে জড়িয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।






