স্বপ্ন প্রতিদিন ডেস্ক
কক্সবাজারের চকরিয়ায় প্রতিবেশী এক বৃদ্ধের লালসার শিকার হয়েছে ৬ বছরের এক নিস্পাপ শিশু। নাশতা কিনে দেওয়ার লোভ দেখিয়ে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে চকরিয়া থানা পুলিশ। গতকাল ১লা মে, শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের মিনিবাজার এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কামাল উদ্দিন (৫৬) শিশুটির পূর্বপরিচিত হওয়ায় এবং নাশতা কিনে দেওয়ার কথা বলায় শিশুটি সরল বিশ্বাসে তার সঙ্গে যায়। এই সুযোগে কামাল তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়।
গুরুতর আহত অবস্থায় শিশুটি বাড়ি ফিরলে তার শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়েছে।
ঘটনা জানাজানি হওয়ার পর চকরিয়া থানা পুলিশ অভিযানে নামে। অভিযুক্ত কামাল উদ্দিন নিজের মেয়ের বাড়িতে আত্মগোপন করেছিল। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে আজ ২রা মে, শনিবার আদালতে পাঠানোর পাশাপাশি ভুক্তভোগী শিশুটির সুচিকিৎসার বিষয়টি তদারকি করছে পুলিশ, জানিয়েছেন ওসি।






