স্বপ্ন প্রতিদিন ডেস্ক
বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় পাকিস্তানে যাচ্ছেন সরকারি উচ্চপদস্থ ১২ কর্মকর্তা। আগামী ৪ঠা মে থেকে ২১শে মে পর্যন্ত লাহোরে অবস্থিত সিভিল সার্ভিসেস একাডেমিতে এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। সেখানে এই ১২ কর্মকর্তা অংশ নেবেন। ৩০শে এপ্রিল, বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। এতে সই করেন উপসচিব মো. মাহমুদ উল্লাহ মারুফ। আদেশে বলা হয়েছে, প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার পাকিস্তান সরকার বহন করবে। বাংলাদেশ সরকারকে আর্থিক কোনো ব্যয়ভার গ্রহণ করতে হবে না। কর্মকর্তারা স্থানীয় মুদ্রায় তাদের বেতন ও ভাতাদি গ্রহণ করবেন এবং যাতায়াতের সময়কাল কর্মকালীন হিসেবে গণ্য হবে।
প্রশিক্ষণে মনোনীত কর্মকর্তারা হলেন— স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহতাব, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. মোস্তফা জামাল হায়দার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবু রায়হান মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. ফিরোজ আহমেদ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. তৌফিক ইমাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তৌফিক ইমাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রায়হান আখতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এফ এম এহতেশামুল হক, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. শামসুল হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মুহাম্মদ আব্দুস সালাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জিল্লুর রহমান এবং বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (যুগ্ম সচিব) জিয়া আহমেদ সুমন।
যেসব শর্তে পাকিস্তান যাচ্ছেন সরকারি কর্মকর্তারা
১. কর্মকর্তারা ৪ঠা মে ২০২৬ তারিখের কাছাকাছি সুবিধাজনক সময়ে পাকিস্তানের উদ্দেশে যাত্রা শুরু করবেন।
২. প্রশিক্ষণের সময়কাল ও যাতায়াতে ব্যয় হওয়া সময় কর্মকালীন (অন ডিউটি) হিসেবে গণ্য হবে।
৩. তারা তাদের বেতন ও ভাতাদি স্থানীয় মুদ্রায় গ্রহণ করবেন।
৪. পাকিস্তান সরকার এই প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করবে।
৫. এই সফরের সঙ্গে সংশ্লিষ্ট কোনো খরচের দায়ভার বাংলাদেশ সরকারকে নিতে হবে না।
৬. তারা অনুমোদিত সময়ের বেশি সময় বিদেশে অবস্থান করতে পারবেন না।
৭. প্রশিক্ষণ থেকে ফিরে দ্রুত নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।
৮. প্রশিক্ষণ থেকে ফিরে পাঁচ দিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৈদেশিক প্রশিক্ষণ শাখায় একটি প্রতিবেদন জমা দিতে হবে।
এই আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জনস্বার্থে জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।






