দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সোহাগ আলীর আদালত বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন দিনাজপুর জেলা আইনজীবীরা।
১০ মে ( রবিবার) বিকেল ৫ টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির জরুরী সাধারণ সভায় ১১ মে (সোমবার) থেকে ১৪ মে (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ৪ দিন আদালত বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক আবুল আলা মোঃ মাহবুবুর রহমান ভুট্টোর উপস্থাপনায় এই জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জরুরি সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্তক্রমে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ আলীর আদালত বর্জনের সিদ্ধান্ত গৃহিত হয়।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভুট্টো জরুরি সভা শেষে আদালত বর্জনের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান মোল্লা মানিক ও তার স্ত্রী পার্বতীপুরের একটি মামলায় (মামলা নং- জিআর-২৯৪/২৫) তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত জামিনে ছিলেন। মামলার বাদির সাথে আপোষ মিমাংসা হয়। যা স্ট্যাম্পে লিপিবদ্ধ করা হয়। রবিবার ১০ মে ২০২৬ তারিখ মামলার তদন্ত রিপোর্ট আসলে আসামী আব্দুল মান্নান মোল্লা মানিক ও তার স্ত্রী স্থায়ী জামিনের জন্য আবেদন করেন। জামিন শুনানি পর আদালতের বিচারক তার জামিন বাতিল করে অ্যাডভোকেট আব্দুল মান্নান মোল্লা মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই আদেশের প্রেক্ষিতে আইনজীবীরা ক্ষিপ্ত হন এবং আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভায় উক্ত বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেন।