মাফিকুল ইসলাম, পার্বতীপুর, (দিনাজপুর)প্রতিনিধি:-
বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় জয়পুরহাটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জয়পুরহাটের আমলি আদালত (সদর)-এর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, সংশ্লিষ্ট মামলায় আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। বুধবার তারা একযোগে আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাদের জামিন আবেদন খারিজ করেন।
জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন—সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, ইউপি সদস্য তারাকুল ইসলাম, ফরিদ হোসেন, শাহানুর ইসলাম, ইসমাইল হোসেন, রেজাউল করিম, আকাশ চৌধুরী এবং আব্দুল জব্বার ফরহাদ।
আদেশের পরপরই আদালতের নির্দেশে তাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহানুর রহমান শাহীন বলেন, “মামলার অভিযোগের গুরুত্ব ও প্রাথমিক প্রমাণ বিবেচনায় আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন।”
উল্লেখ্য, মামলাটি সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়ের করা হয়, যেখানে বিস্ফোরক ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।