নীলফামারীর ডিমলা উপজেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি এক নবজাতককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর মৃত্যু হয়েছে। রোববার ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত দেড়টার দিকে শিশুটির মৃত্যু হয়। মৃত আফরিন জান্নাত ডিমলার খগাখড়িবাড়ি ইউনিয়নের চাবুলেরটারী এলাকার আবু বকর সিদ্দিকের মেয়ে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে জানাজা শেষে মেয়েকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে আবু বকর সিদ্দিক জানিয়েছেন।
পরিবার ও হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার বেলা ১১টার দিকে অসুস্থ অবস্থায় জান্নাতকে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শরীরে হামের মতো উপসর্গ দেখা যাওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুজ্জামান বলেন, “শনিবার শিশুটি হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
“দুই হাসপাতালেই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা রিপোর্ট আসার পর শিশুটির মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।”
নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক বলেন, “শিশুটিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আনা হয়েছিল। পরে রংপুরে নেওয়ার পর তার মৃত্যু হয়। আমরা নমুনা সংগ্রহ করেছি। পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে, হামের কারণেই মৃত্যু হয়েছে কি-না।”
নীলফামারী সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী, জেলায় হামের উপসর্গ নিয়ে ১১ জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে সদর জেনারেল হাসপাতালে ৮, ডিমলায় ২ ও সৈয়দপুরে ১ জন ভর্তি রয়েছে।