স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক লম্পট পিতার ধর্ষণে কিশোরী কন্যার অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর গর্ভধারণের ঘটনা জানাজানি হলে গতকাল বিকেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বসতবাড়ি তালাবদ্ধ করে দিয়েছে। স্থানীয়দের সঙ্গে আলাপকালে জানা যায়, উপজেলার টামটা উত্তর ইউনিয়নের অভিযুক্ত লম্পট পিতা তার ১৫ বছর বয়সী কন্যাকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করে আসছিল। সম্প্রতি ওই কিশোরীর শারীরিক অবস্থার পরিবর্তন লক্ষ্য করলে তার মা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তারি পরীক্ষায় ওই কিশোরী প্রায় চার মাসের গর্ভবতী বলে নিশ্চিত হওয়া যায়। বিষয়টি জানাজানি হলে কিশোরীর মা ও ধর্ষক পিতার মধ্যে তুমুল ঝগড়া হয়। এই ঘটনায় লজ্জা ও আতঙ্কে গত ৭ দিন আগে কিশোরীকে গর্ভপাত করানোর উদ্দেশ্যে তার মা পাশের উপজেলায় নানাবাড়ি নিয়ে যান। কিন্তু বিষয়টি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি অবগত হন স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ওয়ার্ড যুবদলের সভাপতি সাখাওয়াত হোসেনসহ এলাকার মাতব্বররা। তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরী পরিবারকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দেন। কিন্তু পরিবারের পক্ষ থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলতে থাকলে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। পরে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত পিতার বাড়িতে তালা ঝুলিয়ে দেয়।

স্থানীয়রা জানান, কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত পিতার গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে যে কোনো সময় মানববন্ধন বা বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আমি ঘটনা অবগত হয়ে ভুক্তভোগীর বাড়িতে পুলিশ পাঠাই। কিন্তু বাড়ি তালাবদ্ধ দেখে তার নানার বাড়িতে খোঁজ নিই। সেখানেও ভুক্তভোগী বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।