সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দুর্গম থেকে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে ২৮ বিজিবি। এসব ডেটোনেটর শক্তিশালী বোমা সক্রিয় করার জন্য ব্যবহার করা হয় বলে জানিয়েছে সূত্র। ২৬শে ডিসেম্বর (শুক্রবার) সকালে উদ্ধারের পর দুপুরে সংবাদ মাধ্যমের সঙ্গে এক বিশেষ ব্রিফিংয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন দুষ্কৃতিকারীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে ভারত থেকে এই শক্তিশালী বিস্ফোরক নিয়ে এসেছিল। উপজেলার চারাগাঁও বিওপির বিশেষ টহলদল এ অভিযানের মাধ্যমে শক্তিশালী ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করে।
সুনামগঞ্জ-২৮ বিজিবির দাবি, ভারত থেকে দুষ্কৃতিকারীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে ইলেকট্রিক ডেটোনেটর নিয়ে আসছিল। বিজিবির টহলদলের উপস্থিতি ঠের পেয়ে চারাগাও বিউপির সীমান্তের নিয়ন্ত্রণাধীন মাঝহাটি এলাকায় পলিথিনে মোড়ানো এবং গাছের ডালপালা দিয়ে লুকিয়ে ডেটোনেটরগুলো রেখে সটকে পড়ে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে বিজিবি এই ডেটোনেটর উদ্ধার করে। উদ্ধারকৃত ডেটোনেটরগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরিতে ব্যবহারযোগ্য বলে জানান সংশ্লিষ্টরা।
নির্বাচনকে সামনে রেখে দেশকে আরও অস্থিতিশীল করার লক্ষ্যেই দুষ্কৃতিকারীরা এসব আনিয়েছিল বলে মনে করেন বিজিবি সূত্র। সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে.ক. জাকারিয়া কাদির বলেন, শক্তিশালী বিস্ফোরক উদ্ধারের পর আইনানুগ প্রক্রিয়া নেওয়া হচ্ছে। সীমান্তে অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাজ করছে বিজিবি।