মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নারীদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিএস। তিন মাসব্যাপী প্রশিক্ষণ শেষে শনিবার দুপুরে অংশগ্রহণকারী নারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
“দক্ষতা ত্বরান্বিতকরণ ও শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। প্রশিক্ষণে হস্তশিল্প, পোশাক নকশা ও দর্জি বিষয়ক হাতে-কলমে শিক্ষা প্রদান করেন প্রশিক্ষক নওরীন তাসনুভা, শ্যামলী আক্তার ও মল্লিক রানী।
আয়োজকরা জানান, তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে ২৪ জন করে তিনটি ব্যাচে মোট ৭২ জন নারী অংশগ্রহণ করেন, যারা এখন নিজ নিজ উদ্যোগে আয়ের পথ তৈরি করতে সক্ষম হবেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএসের সভানেত্রী গুলশান আরা গ্যালিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন সংস্থাটির নির্বাহী পরিচালক আয়েশা আক্তার। এ সময় সহকারী পরিচালক আঞ্জুমান আফরোজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
স্থানীয়ভাবে এ ধরনের উদ্যোগ নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।