দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার করে ফিলিং স্টেশন থেকে জোরপূর্বক তেল নিয়ে বেশি দামে বিক্রির অভিযোগে যশোরের দুই যুবদল নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন— যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম কবির ওয়াসিম এবং ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য জাকির হোসেন জিকো দফাদার।
সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি, আদর্শ ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সকল স্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত শনিবার রাতে শামীম কবির ও জাকির হোসেন যশোর-ঝিনাইদহ মহাসড়কের শানতলা এলাকায় অবস্থিত ‘যশোর ফিলিং স্টেশন’-এ যান। সেখানে তারা দলীয় পদের প্রভাব খাটিয়ে জোরপূর্বক খোলা তেল সংগ্রহ করেন এবং পরবর্তীতে তা খোলা বাজারে চড়া দামে বিক্রি করেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি জানাজানি হলে রবিবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বশরীরে ফিলিং স্টেশনটি পরিদর্শন করেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সত্যতা পাওয়ার পর তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে সোমবার তাদের বিরুদ্ধে এই বহিষ্কারাদেশ জারি করা হয়।






