1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১১২ সময় দর্শন
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলায় নিখোঁজের তিন দিন পর আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামের এক সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আজিমুল কাদের ভূঁইয়া বীর বাঘবের গ্রামের মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি পোলট্রি খামারের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে আজিমুল তার নিজ পোলট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন বুধবার (২৮ জানুয়ারি) নিহতের ভাগিনা মো. উমর ফারুক বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় লোকজন এলাকার একটি ডোবায় বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজিমুল তার খামারে দুইজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাদের একজনের নাম রুবেল, তবে অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি। আজিমুল নিখোঁজ হওয়ার পর থেকে ওই দুই শ্রমিকেরও খোঁজ মিলছে না। এছাড়া খামারের সব মুরগিও উধাও হয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, “খামারের পাশের একটি ডোবা থেকে সাবেক এই ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host